সরকার পুলিশের অপারেশনাল কার্যক্রম আরও জোরদার করতে ২১২টি ডাবল কেবিন পিকআপ ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১৮২ কোটি ৩২ লাখ টাকা।
বুধবার (১০ জুন) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সূত্র জানায়, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ পুলিশের ব্যবহারিক কার্যক্রমে গতি আনতে সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) অনুসরণ করে ২১২টি ডাবল কেবিন পিকআপ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করা হয়।
অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, এসব যানবাহন সরবরাহ করবে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটির সঙ্গে ১৮২ কোটি ৩২ লাখ টাকার চুক্তি সম্পাদনের অনুমতি দেওয়া হয়েছে।
জানা গেছে, আইন-শৃঙ্খলা রক্ষা, টহল কার্যক্রম জোরদার, অপরাধ দমন এবং জরুরি অভিযানে পুলিশের সক্ষমতা বাড়াতে এসব পিকআপ ব্যবহার করা হবে। নতুন যানবাহন যুক্ত হলে মাঠপর্যায়ে পুলিশের চলাচল ও অপারেশন আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
