রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনগণের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে থানা ও ওয়ার্ডভিত্তিক কমিউনিটি পুলিশিং কার্যক্রম পুনরায় জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে ক্যান্টনমেন্ট থানা এলাকায় ১০ সদস্যের উপদেষ্টা কমিটি এবং ৪১ সদস্যের কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত উপদেষ্টা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজসেবক অ্যাডভোকেট মো. আলমগীর হোসেন। এছাড়া কমিউনিটি পুলিশিং কমিটির কার্যকরী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন গাজী মাহবুবুল আলম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রানা হোসেন।
এদিকে, ক্যান্টনমেন্ট থানা ছাত্রদলের নেতা সাদ্দাম হোসেন নবগঠিত কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়। পরে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন নবগঠিত কমিটির তালিকা গুলশান বিভাগের মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনারের (ডিসি) কার্যালয়ে দাখিল করেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নবগঠিত এই কমিটি পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, অপরাধ প্রতিরোধ এবং ক্যান্টনমেন্ট এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখবে।
