গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৪ জুলাই) রাত ১১টা ৩৫ মিনিটে ফুলছড়ি থানার ১ নম্বর কঞ্চিবাড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঘোলদহ গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে আনিসুর রহমানের বসতবাড়ি সংলগ্ন ঢালাই সড়কে মাদক কেনাবেচার সময় মো. আলমগীর হোসেন (৩৮) ও মো. আনিসুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তারা উভয়েই মৃত মজিবর রহমানের ছেলে এবং ঘোলদহ গ্রামের বাসিন্দা।
তল্লাশিকালে আলমগীর হোসেনের প্যান্টের সামনের বাম পকেটে থাকা একটি কালো রঙের জিপার প্যাকেট থেকে ৫০ পিস এবং আনিসুর রহমানের কাছে থাকা আরেকটি কালো রঙের জিপার প্যাকেট থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট পরিমাণ ১০০ পিস।

এ ঘটনায় ফুলছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা (নং-১০, তারিখ: ১৫ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বলেন, মাদক, জুয়া ও অন্যান্য অপরাধ দমনে গাইবান্ধা জেলা পুলিশের চলমান অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। মাদক ব্যবসা কিংবা সেবনের সঙ্গে জড়িত কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
