রাঙ্গামাটিতে ইসলামী ব্যাংক পিএলসির সুশাসন, স্থিতিশীলতা এবং গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সকাল ১১টার দিকে শহরের কোর্ট বিল্ডিং সংলগ্ন গাউসিয়া মার্কেটের সামনে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরাম, রাঙ্গামাটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া গ্রাহকরা অভিযোগ করেন, একটি মহল দীর্ঘদিন ধরে ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে বিভিন্ন তৎপরতা চালিয়ে যাচ্ছে। তাদের দাবি, দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ইসলামী ব্যাংক দীর্ঘদিন ধরে কোটি গ্রাহকের আস্থা অর্জন করেছে। তবে সাম্প্রতিক কিছু ঘটনা ও সিদ্ধান্তের কারণে গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
বক্তারা বলেন, ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ও গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খানকে পুনর্বহাল করা প্রয়োজন। একই সঙ্গে ব্যাংকের অভ্যন্তরীণ পরিবেশ ক্ষতিগ্রস্ত করার অভিযোগে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
সমাবেশে বক্তারা বর্তমান ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন জসীমকে অপসারণের দাবি জানান। পাশাপাশি ব্যাংকের কার্যক্রমে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ও অবৈধ হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানান।
তারা আরও বলেন, ব্যাংকের নেতৃত্বে কার্যকর ভূমিকা নিশ্চিত করতে না পারার দায়ে চেয়ারম্যান ড. জুবায়দুর রহমানের পদত্যাগ প্রয়োজন। বর্তমান পরিস্থিতিতে ব্যাংক ও গ্রাহকদের স্বার্থ যথাযথভাবে রক্ষা করা হচ্ছে না বলেও অভিযোগ করেন তারা।
প্রতিবাদ সমাবেশে বক্তারা ইসলামী ব্যাংকিং ব্যবস্থাকে দুর্বল করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানান। তাদের ভাষ্য, ইসলামী ব্যাংক শুধু একটি ব্যাংক নয়, দেশের ইসলামী অর্থনৈতিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই এ খাতের ক্ষতি হয় এমন যেকোনো উদ্যোগ প্রতিহত করা জরুরি।
সমাবেশ থেকে কয়েকটি দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে— মো. ওমর ফারুক খানকে পুনর্বহাল, ব্যাংকের ওপর সব ধরনের অবৈধ হস্তক্ষেপ বন্ধ, পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ গ্রহণ, ইসলামী ব্যাংকিং খাতবিরোধী ষড়যন্ত্র প্রতিরোধ এবং এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যক্রম সম্পন্ন করা।
বক্তারা সতর্ক করে বলেন, গ্রাহকদের দাবি উপেক্ষা করা হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। তারা ব্যাংকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিতের মাধ্যমে গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারের আহ্বান জানান।
মানববন্ধন শেষে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে অংশগ্রহণকারীরা তাদের দাবিগুলো জনসম্মুখে তুলে ধরেন। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যাংকের গ্রাহক এবং স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নেন।
এ সময় মো. জয়নাল আবেদীন, মো. ইব্রাহিম (রুবেল), মাওলানা মো. মাছুমসহ জেলার বিভিন্ন এলাকার গ্রাহকরা উপস্থিত ছিলেন।
