বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), গাইবান্ধা জেলার উদ্যোগে গাইবান্ধা সদর উপজেলার চকমামরোজপুর বড় ঘাট এলাকায় অবস্থিত কাসেমুল উলুম নুরানী মাদরাসা ও এতিমখানার এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (০৬ জানুয়ারি) আয়োজিত এ মানবিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার পুলিশ সুপার জনাব মোঃ জসিম উদ্দীন। তার উপস্থিতিতে এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন পুনাক গাইবান্ধার সভানেত্রী জনাব ইসরাত জাহান বীথি।
অনুষ্ঠানে পুনাক সভানেত্রী বলেন, শীতের তীব্রতা থেকে অসহায় ও এতিম শিক্ষার্থীদের সুরক্ষা দিতে পুনাক সবসময় মানবিক উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি অঙ্গীকার করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন পুনাক গাইবান্ধার সাধারণ সম্পাদক জনাব কাজরিমা আক্তারসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব মোঃ শরীফ আল রাজীব পিপিএম (সেবা), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), গাইবান্ধা, সদর থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।
স্থানীয়রা পুনাকের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে।
