রাজধানীর মিরপুরে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রী রামিসা আক্তারকে হত্যার ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান।
বুধবার (২০ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই নৃশংস ঘটনার দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, রামিসা ছিল নিষ্পাপ এক শিশু, যার ভবিষ্যৎ ছিল পরিবার ও সমাজের জন্য অনেক সম্ভাবনাময়। এমন নির্মম ঘটনায় মানবতা আজ লজ্জিত বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, এই ধরনের অপরাধে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।
তিনি আরও দোয়া করেন, আল্লাহ যেন রামিসাকে জান্নাত দান করেন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ঘটনাটি তদন্তে নেমে আইনশৃঙ্খলা বাহিনী বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে।
পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এর পেছনে গুরুতর অপরাধমূলক উদ্দেশ্য থাকতে পারে। এ ঘটনায় জড়িত সন্দেহে প্রধান অভিযুক্ত জাকির হোসেন ওরফে সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্নাকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনাটি ঘিরে এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে এবং দ্রুত বিচার দাবি করেছেন স্থানীয়রা।
