“হামে ৬ মাসের শিশুর অবস্থা গুরুতর, মায়ের কাছে টাকা নেই, জানেন না কী করবেন” শীর্ষক একটি সংবাদ গণমাধ্যমে প্রকাশের পর বিষয়টি নজরে আসে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর বোর্ড অব ডিরেক্টরস কমিটির ভাইস-প্রেসিডেন্ট ও আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘সুরভি’র অন্যতম সংগঠক ডা. জুবাইদা রহমানের।
খবরটি দেখেই অসুস্থ শিশু নূর নাহারের চিকিৎসা এবং তার পরিবারের সার্বিক খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন তিনি। পাশাপাশি বিষয়টি তদারকির দায়িত্ব দেওয়া হয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা বিএনপি পরিবার’-কে।
এর ধারাবাহিকতায় বুধবার (১৩ মে) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শিশু নূর নাহারের মা স্বর্ণা আক্তারের সঙ্গে সাক্ষাৎ করে।
এসময় প্রতিনিধি দলটি শিশুটির চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেয় এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করে। পাশাপাশি অসহায় পরিবারটির পাশে থাকার আশ্বাসও প্রদান করা হয়।
প্রতিনিধি দল জানায়, শিশু নূর নাহারের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে ইতোমধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, ড্যাব কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, আব্দুল্লাহ আল মিসবাহ, মশিউর রহমান মহানসহ আরও অনেকে।
