গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের পশ্চিম রামজীবন গ্রামে শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত শফিকুল ইসলাম সাদুল্যাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের মধ্য ভাঙ্গামোড় গ্রামের রশিদুল ইসলামের ছেলে। তিনি সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম রামজীবন গ্রামের খংগুয়া ব্রিজ এলাকার মানিক মিয়ার জামাতা।
স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম শ্বশুরবাড়িতে আসেন বর্গাচাষের কাজে সহায়তা করতে। মঙ্গলবার সন্ধ্যার দিকে তিনি তার নানা শ্বশুর আয়াজ উদ্দিনের বাড়ির পাশের একটি আমগাছে ওঠেন আম পাড়ার জন্য। এ সময় বাঁশের লাঠি দিয়ে আম পাড়তে গেলে সেটি পাশ দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের সঙ্গে অসাবধানতাবশত লেগে যায়। সঙ্গে সঙ্গে বাঁশের লাঠিতে আগুন ধরে যায় এবং শফিকুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছের সঙ্গে আটকে পড়েন।
পরে স্থানীয়রা দ্রুত চিৎকার করে পল্লী বিদ্যুৎ অফিসে খবর দেন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ জানান, ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
