দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডা. এজেডএম জাহিদ হোসেন
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের (দিমেক) ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
বুধবার (১৭ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী। তিনি জানান, এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি চিঠি তিনি পেয়েছেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে গত ১৫ জুন জারি করা এক প্রজ্ঞাপনে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সহ-সভাপতি নিয়োগের বিষয়টি জানানো হয়। সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে নতুন কমিটির দায়িত্ব বণ্টনের কথা উল্লেখ করা হয়েছে।
উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রতিষ্ঠান দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন বিপুল সংখ্যক রোগী চিকিৎসা নিতে আসেন। হাসপাতালের সেবার মান বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম যুক্ত করা এবং রোগীবান্ধব পরিবেশ তৈরিতে নতুন ব্যবস্থাপনা কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি ও সৈয়দ জাহাঙ্গীর আলম এমপির নেতৃত্বে হাসপাতালের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি জনবল সংকট দূর করা, আধুনিক চিকিৎসা প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং রোগীদের ভোগান্তি কমাতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
দিনাজপুরসহ আশপাশের কয়েকটি জেলার সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে এই হাসপাতালের ওপর নির্ভরশীল। নতুন ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে হাসপাতালটি আরও উন্নত, আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হবে—এমন প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট মহল।
