পাবনার সদর উপজেলার পদ্মা নদীর তীর থেকে হাত বাঁধা অবস্থায় এক কিশোরীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) সকাল প্রায় ১০টার দিকে বলরামপুর এলাকার নদীতীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া কিশোরীর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তার বয়স আনুমানিক ১৪ থেকে ১৬ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহের গলায় একটি রুপার চেইন পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন কৃষক পদ্মার চরে কাজ করতে যাওয়ার সময় নদীর তীরে পড়ে থাকা একটি বস্তা দেখতে পান। সন্দেহ হলে তারা বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে বস্তার ভেতরে মানুষের দেহসদৃশ কিছু অনুভব করেন। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।
এলাকাবাসীর দাবি, মঙ্গলবার রাতে ওই এলাকায় একটি প্রাইভেট কার ঘোরাফেরা করতে দেখা যায়। গাড়িটিতে কয়েকজন যুবক ছিলেন বলে জানা গেছে। তবে কিশোরীর মৃত্যুর ঘটনা এবং এর সঙ্গে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সম্পর্ক রয়েছে কি না, তা তদন্তের আগে নিশ্চিত করে বলা সম্ভব নয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে থানা-পুলিশের পাশাপাশি ডিবি, সিআইডি ও নৌ পুলিশের সদস্যরা কাজ করছেন। মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
