প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতারা। সোমবার (২৭ জুলাই) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সংবাদপত্রের ভূমিকা, স্বাধীন গণমাধ্যম এবং সাংবাদিকদের জন্য প্রণয়নাধীন নীতিমালা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী সম্পাদকদের উদ্দেশে বলেন, সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি উন্নয়নমূলক ও ইতিবাচক কর্মকাণ্ডও বস্তুনিষ্ঠভাবে তুলে ধরা প্রয়োজন, যাতে সাধারণ মানুষ সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে সঠিক তথ্য জানতে পারেন।
তিনি আরও বলেন, স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য একটি নীতিমালা প্রণয়নের কাজ চলমান রয়েছে। এ নীতিমালা চূড়ান্ত করতে সম্পাদকদের মতামত ও সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

বৈঠকে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আহ্বায়ক ও যায়যায়দিন-এর সম্পাদক শফিক রেহমান এবং যুগ্ম আহ্বায়ক ও আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমানের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা ছিলেন প্রতিদিনের বাংলাদেশ-এর সম্পাদক মারুফ কামাল খান সোহেল, দৈনিক নয়া দিগন্ত-এর সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, যুগান্তর-এর সম্পাদক আবদুল হাই শিকদার, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, ওয়াদা-এর সম্পাদক শফিকুল আলম এবং মানবকণ্ঠ-এর সম্পাদক শহিদুল ইসলাম।
বৈঠকে গণমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীল সাংবাদিকতা এবং সংবাদপত্রের ভূমিকা নিয়ে মতবিনিময় হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
