ঢাকাMonday , 27 July 2026
  1. অনলাইন ডেস্ক
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী-রংপুরে বিভাগীয় পাঠক সমাবেশ, বইপাঠে জ্ঞানভিত্তিক সমাজ গড়ার আহ্বান

Link Copied!

বইপাঠের অভ্যাস গড়ে তুলে নতুন প্রজন্মের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশ ঘটানোর লক্ষ্য নিয়ে রাজশাহী ও রংপুরে বিভাগীয় পাঠক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং গণগ্রন্থাগার অধিদপ্তরের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধিত) প্রকল্পের আওতায় এ আয়োজন বাস্তবায়ন করে বিশ্বসাহিত্য কেন্দ্র।

Advertisement

গত শুক্রবার (২৪ জুলাই) রাজশাহী এবং শনিবার (২৫ জুলাই) রংপুরে অনুষ্ঠিত এ সমাবেশে পাঁচ শতাধিক পাঠক-সদস্য অংশ নেন। অনুষ্ঠানে বর্ণাঢ্য র‌্যালি, ভ্রাম্যমাণ বইমেলা, ইতিহাস-ঐতিহ্য ও ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যভিত্তিক প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

রংপুর বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন। প্রধান অতিথি ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন) ও প্রকল্প পরিচালক বিল্লাল হোসেন খান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রমিজ আলম।

Advertisement

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম বলেন, ভালো বই মানুষের জ্ঞানের পরিধি বাড়ায়, চিন্তা-চেতনাকে সমৃদ্ধ করে এবং জীবনের পথচলায় প্রকৃত বন্ধু হিসেবে কাজ করে। তাই নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি বিল্লাল হোসেন খান বলেন, সরকার সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলার পাশাপাশি বইপাঠে বিশেষ গুরুত্ব দিচ্ছে। তাঁর মতে, বইপড়া, সংস্কৃতি চর্চা ও ক্রীড়া কার্যক্রমে তরুণদের সম্পৃক্ততা বাড়লে ডিভাইস-নির্ভরতা কমবে এবং ইতিবাচক সামাজিক পরিবেশ গড়ে উঠবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন শিক্ষার্থীদের বই পড়ার পাশাপাশি বিভিন্ন জ্ঞানভিত্তিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ভালো বই মানুষের জীবনের অন্যতম সেরা সঙ্গী হতে পারে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গণগ্রন্থাগার অধিদপ্তরের উন্নয়ন ও আইসিটি বিভাগের পরিচালক (যুগ্মসচিব) ডা. সঞ্জীব সূত্রধর। এ সময় বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের উপপরিচালক মো. সালাহউদ্দীনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এর আগে রাজশাহী বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে অনুষ্ঠিত পাঠক সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. আ. ন. ম. বজলুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিল্লাল হোসেন খান এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

রাজশাহীর অনুষ্ঠানে ড. বজলুর রশীদ বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিতে বইপাঠের বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে আরও বেশি বইপড়া প্রতিযোগিতা আয়োজনের আহ্বান জানান। একই সঙ্গে অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, শিশুদের হাতে অতিরিক্ত স্মার্ট ডিভাইস তুলে দেওয়ার পরিবর্তে বই তুলে দিতে হবে এবং পরিবার থেকেই পাঠাভ্যাস তৈরির পরিবেশ নিশ্চিত করতে হবে।

আয়োজকরা জানিয়েছেন, রাজশাহী ও রংপুরের পর পর্যায়ক্রমে খুলনা, বরিশাল, সিলেট এবং ময়মনসিংহ বিভাগেও বিভাগীয় পাঠক সমাবেশ আয়োজন করা হবে। এর মাধ্যমে বইপাঠকে জনপ্রিয় করা এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনে জনগণের অংশগ্রহণ আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।