ঢাকা: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশনের একটি প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেয়।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে বৈঠক শুরু হয়। নির্বাচন কমিশন সূত্র জানায়, রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক প্রক্রিয়া ও তফসিল ঘোষণার বিষয় নিয়ে আলোচনার জন্য এ বৈঠকের আয়োজন করা হয়েছে।
এর আগে সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত একটি চিঠি জাতীয় সংসদ সচিবের কাছে পাঠানো হয়। সেখানে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই পদত্যাগ করায় রাষ্ট্রপতির পদ শূন্য হয়েছে।

সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। এ কারণে রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী স্পিকারের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশনকে সরকারি গেজেটের মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।
চিঠিতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সুবিধাজনক সময় নির্ধারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ জানানো হয়।
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে এই বৈঠককে সাংবিধানিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।
