আগস্ট মাসে সরকারি চাকরিজীবীদের জন্য টানা চার দিনের ছুটি উপভোগের সুযোগ তৈরি হয়েছে দুই দফায়। মাঝের একটি কর্মদিবসে নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলে মোট আট দিনের দীর্ঘ বিরতির সুবিধা পাওয়া যেতে পারে।

ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, প্রথম দফায় ৫ আগস্ট বুধবার ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। এরপর ৬ আগস্ট বৃহস্পতিবার অফিস খোলা থাকলেও ওই দিন এক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলে ৭ ও ৮ আগস্টের (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের বিরতি পাওয়া যাবে।
দ্বিতীয় দফায়, ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। তবে এ ছুটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল। পরদিন ২৭ আগস্ট বৃহস্পতিবার এক দিনের ছুটি নিলে ২৮ ও ২৯ আগস্টের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে আবারও চার দিনের টানা ছুটি কাটানোর সুযোগ থাকবে।

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সাধারণ ছুটি পালন করা হবে। অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠানেও এ ছুটি অনুসরণ করা হয়ে থাকে।
তবে বিদ্যুৎ, গ্যাস, পানি, ফায়ার সার্ভিস, হাসপাতাল, ইন্টারনেট ও অন্যান্য জরুরি সেবায় নিয়োজিত কর্মীরা এ ছুটির আওতার বাইরে থাকবেন। এছাড়া ব্যাংক ও আদালতের ছুটি সংক্রান্ত সিদ্ধান্ত যথাক্রমে বাংলাদেশ ব্যাংক ও সুপ্রিম কোর্ট পৃথকভাবে জানাবে।
