পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি ইউনিয়ন কার্যালয়ের সামনে আগুন দেওয়া এবং কয়েকজন নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলার ১১ নম্বর বড় মাছুয়া ইউনিয়নের হাইস্কুল সংলগ্ন জামায়াতের ইউনিয়ন কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুর্বৃত্তরা কার্যালয়ের সামনে একটি গাড়ির টায়ারে আগুন ধরিয়ে দেয়। পরে ঘটনাস্থলে হাতে লেখা বিভিন্ন কাগজসংবলিত ব্যানার দেখতে পান স্থানীয় বাসিন্দা ও দলটির নেতাকর্মীরা। ব্যানারগুলোতে হুমকিমূলক ও আপত্তিকর বিভিন্ন বক্তব্য লেখা ছিল বলে অভিযোগ করা হয়েছে।

এছাড়া একটি ব্যানারে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’—এ ধরনের স্লোগান লেখা ছিল বলেও দাবি করেছেন স্থানীয় জামায়াত নেতাকর্মীরা।
জামায়াতের স্থানীয় নেতাদের অভিযোগ, ব্যানারে সাবেক জেলা ছাত্রশিবির সভাপতি মেহেদী হাসান, ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি রাকিব চাপরাশি এবং সাধারণ সম্পাদক সাইফুলকে উদ্দেশ্য করে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
ঘটনার বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছে পুলিশ। অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
