অন্তর্বর্তী সরকারের সময়ে আইন মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগের ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তার দাবি, লিগ্যাল এইড আইনে আনা পরিবর্তনের ফলে আইনগত সহায়তার আওতাধীন নতুন মামলা দায়েরের সংখ্যা এক বছরে গড়ে ৬২ শতাংশ কমেছে।

বুধবার (২২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য তুলে ধরেন।
পোস্টে ড. আসিফ নজরুল বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে আইন মন্ত্রণালয় বিচারব্যবস্থাকে আরও কার্যকর ও সহজলভ্য করতে একাধিক সংস্কার কার্যক্রম হাতে নেয়। এর মধ্যে অন্যতম ছিল লিগ্যাল এইড আইন সংশোধন। এ সংস্কারের মাধ্যমে বিচারপূর্ব বিরোধ নিষ্পত্তির (Alternative Dispute Resolution) পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়। পাশাপাশি কিছু ক্ষেত্রে এ প্রক্রিয়া বাধ্যতামূলক করা হয় এবং কার্যক্রম বাস্তবায়নে আগের তুলনায় তিন গুণ বেশি বিচারক নিয়োগ দেওয়া হয়।

তিনি আরও জানান, এই সংস্কারের বাস্তব প্রভাব ইতোমধ্যেই দৃশ্যমান হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, কেবল লিগ্যাল এইড আইনের সংস্কারের ফলেই আইনগত সহায়তার আওতাধীন মামলা দায়েরের সংখ্যা এক বছরে গড়ে ৬২ শতাংশ হ্রাস পেয়েছে। শুরুতে এটি পরীক্ষামূলক (পাইলট) প্রকল্প হিসেবে চালু করা হলেও পরবর্তীতে এর পরিধি আরও বাড়ানোর ব্যবস্থাও রাখা হয়েছিল।
বর্তমান আইনমন্ত্রী আসাদুজ্জামানের প্রশংসা করে ড. আসিফ নজরুল বলেন, তিনি একজন দক্ষ আইনবিদ এবং এ সংস্কার কার্যক্রমের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করবেন বলে তিনি আশাবাদী। তার মতে, উদ্যোগগুলো সফলভাবে বাস্তবায়িত হলে দেশের দীর্ঘদিনের মামলা-জট উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
