অসুস্থতার কারণে সিঙ্গাপুরের একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি হয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, শুক্রবার (২৪ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট (নিতম্বের জোড়া প্রতিস্থাপন) অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. দারেন তাই ক্যেং জিনের নেতৃত্বে এ অস্ত্রোপচার সম্পন্ন হবে।

কুমিল্লার মুরাদনগর আসন থেকে ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য কায়কোবাদ দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন। অস্ত্রোপচারের আগে তিনি দলীয় নেতাকর্মী এবং দেশবাসীর কাছে নিজের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।
এদিকে, কায়কোবাদের দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরী।
