জ্বালানি ক্রয়ে ক্রেতাদের সংযত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পেট্রল পাম্প মালিক সমিতি। একই সঙ্গে অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত জ্বালানি কিনে মজুত না করার জন্যও সতর্ক করেছে সংগঠনটি।
শুক্রবার (২৭ মার্চ) এক বিবৃতিতে মালিক সমিতি জানায়, বাজারে কোনো ধরনের আতঙ্ক সৃষ্টি না করে স্বাভাবিকভাবে জ্বালানি ক্রয়-বিক্রয় চালু রাখা জরুরি।
অন্যদিকে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। তিনি অভিযোগ করেন, কিছু কালোবাজারি অতিরিক্ত মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে।
এদিকে, দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণে ৩ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। আন্তর্জাতিক ক্রয় পদ্ধতিতে সরাসরি দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে এই জ্বালানি সংগ্রহ করা হবে।
এর মধ্যে এপি এনার্জি ইনভেস্টমেন্টস লিমিটেড থেকে ১ লাখ মেট্রিক টন এবং সুপারস্টার ইন্টারন্যাশনাল (গ্রুপ) লিমিটেড থেকে ২ লাখ মেট্রিক টন ডিজেল আমদানি করা হবে।
