মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে দেশে সৃষ্ট জ্বালানি সংকটকে পুঁজি করে কিছু কালোবাজারি অতিরিক্ত তেল মজুদ করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (২৭ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মন্ত্রী বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিভিন্ন উৎস থেকে তেল সংগ্রহে সক্রিয় রয়েছে এবং প্রয়োজনীয় যোগাযোগ বজায় রাখছে। তিনি দাবি করেন, বর্তমানে আগের চেয়েও বেশি পরিমাণ জ্বালানি সরবরাহ করা হচ্ছে।
একই সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, যারা স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি করে, তারাই বাস্তবে বারবার গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছে।
তিনি আরও অভিযোগ করেন, শেখ মুজিবুর রহমান বাকশালকে পূর্ণাঙ্গ রূপ দিতে না পারলেও শেখ হাসিনা তা বাস্তবায়ন করেছিলেন।
সাম্প্রতিক নির্বাচনের প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, নানা পূর্বাভাস থাকলেও দেশের জনগণ সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং তারেক রহমান-এর নেতৃত্বে আন্দোলন-সংগ্রামে থাকা শক্তিকেই বিজয়ী করেছে।
সরকারবিরোধী অপপ্রচারের জবাব দিতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
