desh somoy logo
ঢাকাSaturday , 16 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণচেষ্টা প্রক্টর কার্যালয়ে তালা দিলেন শিক্ষার্থীরা

Link Copied!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণচেষ্টার ঘটনার প্রতিবাদে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে প্রক্টর কার্যালয়ে তালা ঝুলিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে আগামীকাল রোববার থেকে নতুন প্রশাসনিক ভবন অবরোধের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।

শনিবার সকাল পৌনে ১০টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি ও সংবাদ সম্মেলন শেষে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। পরে প্রক্টর কার্যালয়ের দুটি দরজার তালা ভেঙে সেখানে নতুন তালা লাগানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফজিলাতুন্নেছা হল সংসদের সাধারণ সম্পাদক ফারজানা তাবাসসুম। তিনি বলেন, গত ১২ মে বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার ঘটনার পরদিন নারী শিক্ষার্থীরা প্রশাসনের কাছে ছয় দফা দাবি উত্থাপন করেন। একই সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আলটিমেটামও দেওয়া হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করতে না পারলেও প্রশাসন বিষয়টি নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়েছে এবং নিজেদের দায় এড়ানোর চেষ্টা করেছে। তাঁদের দাবি, প্রশাসন প্রথমে দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিলেও পরে তা অস্বীকার করে।

ফারজানা তাবাসসুম বলেন, শিক্ষার্থীদের অন্যতম দাবি ছিল—৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা না গেলে প্রক্টরিয়াল টিমকে পদত্যাগ করতে হবে। কিন্তু সময় পার হলেও অভিযুক্ত গ্রেপ্তার হয়নি। উল্টো প্রশাসনের পক্ষ থেকে অসংবেদনশীল আচরণ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

লিখিত বক্তব্যে আন্দোলনকারীরা বলেন, একজন উপাচার্যের দায়িত্ব শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ন্যায়বিচারের পক্ষে অবস্থান নেওয়া। কিন্তু প্রশাসন সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বলে তাঁদের অভিযোগ।

আন্দোলনরত শিক্ষার্থীদের ভাষ্য, উপাচার্যের বাসভবনের সামনে সারা রাত অবস্থান কর্মসূচি চলাকালে কয়েকজন নারী শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। এরপরও তাঁরা আন্দোলন চালিয়ে যান। তবে সকাল পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি বলে দাবি করেন তাঁরা।

শিক্ষার্থীদের আরও অভিযোগ, ভোর পর্যন্ত প্রক্টর আন্দোলনকারীদের সামনে আসেননি। পরে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের ‘ষড়যন্ত্রকারী’ বলে মন্তব্য করেন, যা আন্দোলনকারীরা দায়িত্বজ্ঞানহীন বলে উল্লেখ করেছেন।

দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবন অবরোধের কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন তাঁরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।