জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে সরকার, বিরোধীদলসহ দেশের সব রাজনৈতিক শক্তিকে “জুলাই প্রোডাক্ট” হিসেবে অভিহিত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জুলাইয়ের অস্তিত্বের কারণেই বর্তমান রাজনৈতিক বাস্তবতা গড়ে উঠেছে।
সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর আইডিইবির মুক্তিযোদ্ধা হলে ‘গণভোটের রায় বাস্তবায়ন’ শীর্ষক ১১ দলীয় ঐক্যের জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, “জুলাই আছে বলেই আমরা আছি, জুলাই আছে বলেই সরকার ও বিরোধীদল আছে। আমরা সবাই ‘জুলাই প্রোডাক্ট’। জুলাই না থাকলে আমাদেরও অস্তিত্ব থাকত না।” তিনি আরও সতর্ক করে বলেন, জুলাইয়ের চেতনার বিপক্ষে অবস্থান নিলে সরকারকে তার পরিণতি ভোগ করতে হবে।
তিনি জানান, গণভোটের রায়ের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে এবং প্রয়োজন হলে আবারও আত্মত্যাগে প্রস্তুত থাকার আহ্বান জানান। সম্প্রতি জুলাই শহীদ পরিবার ও আন্দোলনে অংশগ্রহণকারীদের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আগামীর আন্দোলনে আরও সক্রিয় থাকার অঙ্গীকার করা হয়েছে।
তিনি আরও যোগ করেন, “যতদিন জাতির অধিকারের পক্ষে লড়াই প্রয়োজন, ততদিন আমরা সংসদে থাকব।”
জামায়াত আমির জোর দিয়ে বলেন, এই আন্দোলন ক্ষমতার ভাগ-বাটোয়ারার জন্য নয়; বরং জনগণের রায় ও শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে। তার দাবি, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষের মতামতের প্রতিফলন ঘটাতেই এই আন্দোলন পরিচালিত হচ্ছে।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই আন্দোলন সবার। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে কেউ কারো গোলাম হবে না এবং কোনো পারিবারিক শাসন বা ‘রাজতন্ত্র’ প্রতিষ্ঠা পাবে না।”
