desh somoy logo
ঢাকাTuesday , 19 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

২০ নতুন স্টেশন ও ১০০ অ্যাম্বুলেন্স যুক্ত হচ্ছে ফায়ার সার্ভিসে: স্বরাষ্ট্রমন্ত্রী

Link Copied!

অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণের অংশ হিসেবে ১০০টি নতুন অ্যাম্বুলেন্স সংগ্রহের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বাড়াতে ২০টি ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণের কাজ চলমান রয়েছে। ডুবুরি ইউনিটের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ৭২টি নতুন পদ সৃষ্টির প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) রাজধানীর পূর্বাচল মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত ‘ফায়ার সার্ভিস সপ্তাহ, পদক বিতরণ ও পাসিং আউট প্যারেড’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য তুলে ধরেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে দেশজুড়ে ৫৩৮টি ফায়ার স্টেশন চালু থাকলেও তা চাহিদার তুলনায় পর্যাপ্ত নয়। তাই জনগণের নিরাপত্তা ও জরুরি সেবা নিশ্চিত করতে নতুন স্টেশন স্থাপন ও পুরনো স্টেশন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ফায়ার সার্ভিস একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে জনগণের জীবন ও সম্পদ রক্ষায় কাজ করে যাচ্ছে, যা সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে।

তিনি জানান, জনবল নিয়োগ সম্পন্ন হলে নৌ-দুর্ঘটনা মোকাবিলায় বাহিনীর সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। একই সঙ্গে সদস্য সংখ্যা ৩০ হাজারের বেশি করার লক্ষ্যে ফায়ার সার্ভিসের সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের প্রস্তাব বিবেচনায় রয়েছে। প্রশিক্ষণ ব্যবস্থাকে আরও উন্নত করতে গজারিয়া এলাকায় একটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একাডেমি স্থাপনের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

অনলাইন সেবা সহজীকরণ ও স্বচ্ছতা নিশ্চিত করতে ১ মে থেকে ই-ফায়ার লাইসেন্স কার্যক্রম চালু করা হয়েছে বলেও জানান তিনি। পরিকল্পনা বাস্তবায়িত হলে ভবিষ্যতে ফায়ার সার্ভিসের সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

তিনি আরও জানান, সদস্যদের আবাসন সংকট নিরসনে ঢাকার মিরপুর ও সদরঘাট এলাকায় দুটি বহুতল ভবন নির্মাণ প্রকল্প চলমান রয়েছে। পাশাপাশি মিরপুরে সদর দপ্তর ভবনের নির্মাণ কাজও এগিয়ে চলছে। সম্প্রতি টঙ্গীর কেমিক্যাল অগ্নিকাণ্ডে তিনজন ফায়ার ফাইটার প্রাণ হারিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে জানানো হয়, ২০২৫ সালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মোট ২৭ হাজারের বেশি অগ্নিনির্বাপণ অভিযান পরিচালনা করে প্রায় ৩ হাজার ২৬৩ কোটি টাকার সম্পদ রক্ষা করেছে। একই সময়ে হাজার হাজার সড়ক দুর্ঘটনায় উদ্ধার তৎপরতা চালিয়ে বহু আহত ও নিহত ব্যক্তিকে সহায়তা করা হয়েছে। এছাড়া অ্যাম্বুলেন্স সেবায় হাজার হাজার রোগী পরিবহন, হাজারো ভবন পরিদর্শন ও সার্ভে, অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ এবং কমিউনিটি ভলান্টিয়ার তৈরি করা হয়েছে।

এ বছর দায়িত্ব পালনকালে তিনজন সদস্য নিহত এবং ২৭ জন আহত হয়েছেন বলেও অনুষ্ঠানে জানানো হয়। তাদের সাহসিকতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের পদক প্রদান করা হয়।

অনুষ্ঠানে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক মুহাম্মদ জাহেদ কামাল উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।