খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করতে আগামীকাল সোমবার (২৭ এপ্রিল) যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি হবে যশোর জেলায় তার প্রথম সরকারি সফর।
জেলা প্রশাসন ও দলীয় সূত্রে জানা গেছে, সকাল সোয়া ১০টায় তিনি যশোর বিমানবন্দরে অবতরণ করবেন। সেখান থেকে সরাসরি শার্শা উপজেলার উলাশীতে গিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। এ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।
এরপর তিনি যশোর শহরে ফিরে বেলা সোয়া ১টায় ৫০০ শয্যাবিশিষ্ট যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বেলা দেড়টায় যশোরের প্রায় দুই শতাব্দী পুরোনো ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন তিনি।
পরে যশোর সার্কিট হাউজে নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি শেষে বিকেল সাড়ে তিনটায় ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশে যশোর ত্যাগ করবেন।
