দেশের বাজারে আবারও স্বর্ণের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এ মূল্য কার্যকর হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দামের পরিবর্তনের কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে নতুন দর নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকায়। এছাড়া ১৮ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।
এর আগে বুধবার বাজুস স্বর্ণের দাম কমিয়েছিল। তখন প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা নির্ধারণ করা হয়।
এদিকে গত ১৬ মে-ও স্বর্ণের দামে বড় ধরনের সমন্বয় আনা হয়েছিল। সে সময় প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমানো হয়েছিল বলে জানিয়েছিল বাজুস।
সংগঠনটি বলছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দামের ওঠানামার কারণেই নিয়মিতভাবে স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হচ্ছে।
