জন-আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেওয়ার কারণেই সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন মিয়া গোলাম পরওয়ার।
শনিবার (২৩ মে) Bangladesh Jamaat-e-Islami বরিশাল মহানগরীর উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী রুকন টিসির শেষদিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জনগণের বিপুল প্রত্যাশা নিয়ে সরকার ও সংসদ গঠিত হলেও প্রথম অধিবেশনেই সাধারণ মানুষ হতাশ হয়েছে। সরকারের বিভিন্ন কর্মকাণ্ড জনমতের বিপরীতে চলে যাওয়ায় জনগণের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, গণভোটে জনগণের মতামত উপেক্ষা করায় দেশে অপ্রয়োজনীয় রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। তিনি বলেন, সরকার গঠনের অল্প সময়ের মধ্যেই জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে এবং নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলোও বাস্তবায়ন করা হচ্ছে না।
সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান ব্যবস্থায় প্রধানমন্ত্রীর হাতে অতিরিক্ত ক্ষমতা কেন্দ্রীভূত থাকায় ভারসাম্যপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠা কঠিন। রাজনৈতিক দলীয়করণের কারণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
জুলাই সনদ, গণভোট ও সংবিধান সংস্কারের বিষয়ে তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার আন্তরিকতা দেখাচ্ছে না। জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে গণভোটে অনুমোদিত বিষয়গুলো বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, Bangladesh Jamaat-e-Islami সহিংস রাজনীতিতে বিশ্বাস করে না এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল। তবে জনআকাঙ্ক্ষা উপেক্ষা করা হলে জনগণ আবারও রাজপথে নামতে বাধ্য হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির মাওলানা জহির উদ্দিন মু. বাবর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, নরাইল জেলা আমির আতাউর রহমান বাচ্চু, মাওলানা একেএম ফকরুদ্দিন খান রাজি এবং অধ্যাপক শাহ আলমসহ বরিশাল মহানগরের নেতৃবৃন্দ।
