স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ‘অন্তর্বর্তী সরকারের সময় একটি প্রকল্পে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল অনুমোদন করেছিলেন, যা বিধিবহির্ভূত’—এমন বক্তব্যকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আসিফ মাহমুদ। এর প্রেক্ষিতে তিনি বলেছেন, তাঁর যদি সৎ সাহস থাকে, তিনি যদি নিজের বক্তব্যে অটল থাকেন, তাহলে আগামীকালের মধ্যেই এই ফাইলটি জনগণের সামনে স্পষ্ট করবেন।
শনিবার (২৩ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এক ভিডিও বার্তায় তিনি বিষয়টি ব্যাখ্যা করেন।
আসিফ বলেন, শাহে আলম বলেছেন, সচিবের স্বাক্ষর ছাড়াই উপদেষ্টা অবৈধভাবে ফাইল পাস করেছেন। কিন্তু প্রশ্ন হলো, কোন ফাইল? কারণ ফাইলে তো স্বাক্ষর অন পেপারেই থাকার কথা। অনেক সময় সচিব বিদেশ সফরে থাকলে সিনিয়র কোনো অতিরিক্ত সচিবকে রুটিন দায়িত্ব দেওয়া হয়, তখন তিনিই স্বাক্ষর করেন।
তিনি আরও বলেন, সচিবের স্বাক্ষর ছাড়া বা সচিবের টেবিল হয়ে উপদেষ্টা কিংবা মন্ত্রীর টেবিলে আসারই কথা না, আসাই সম্ভব না। এটা অনুমোদন দেওয়া তো অনেক দূরের আলাপ।
আসিফ বলেন, সচিবের অনুপস্থিতিতে কোনো ফাইলে উপ-সচিব, যুগ্ম-সচিব, অতিরিক্ত সচিব, সচিব ও মন্ত্রী স্বাক্ষর করেন। এর মধ্যে কেউ অনুপস্থিত থাকলে অতিরিক্ত সচিবের কাছে আসতে কোনো বাধা নেই। সচিব নেই, কিন্তু জনগুরুত্বপূর্ণ কোনো ইস্যু আজকের মধ্যেই সমাধান করতে হবে। তখন মন্ত্রী চাইলে অতিরিক্ত সচিবের ধাপও ওভাররাইড করতে পারেন। কারণ চূড়ান্ত কর্তৃত্ব মন্ত্রী বা উপদেষ্টারই—বাকিরা শুধু প্রক্রিয়ার অংশ।
তিনি আরও বলেন, তাহলে মন্ত্রী সেটা দিতেই পারেন, এটা অবৈধ কিছু না। তবে ঘটনাটা যেভাবে উপস্থাপন করা হচ্ছে, তাতে মনে হচ্ছে সচিবকে গোপনে বা অগোচরে রেখে কিছু করা হয়েছে। আমি শাহ আলমকে আহ্বান জানাবো, এক্স্যাক্ট কোন ফাইল, সেটা স্পষ্ট করুন। ধোঁয়াশা রাখার কিছু নেই। কোনো ফাইল নিয়ে সন্দেহ থাকলে আমি উত্তর দিতে প্রস্তুত।
