পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে নিতে গাইবান্ধায় অবহেলিত হরিজন সম্প্রদায়ের সদস্যদের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে জেলা শহরের স্বাধীনতা প্রাঙ্গণে জেলা প্রশাসন ও এক ব্যবসায়ীর যৌথ উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়।
এসময় শতাধিক হরিজন পরিবারের সদস্যদের মাঝে নগদ এক হাজার টাকা করে এবং বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, ভোজ্য তেল, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ও ধনিয়ার গুঁড়া সহ মোট ৮ ধরনের পণ্য।
উপকারভোগীদের হাতে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব নিলিমা আখতার। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার, সহকারী কমিশনার (এনডিসি) সাব্বির আহম্মেদসহ হরিজন কলোনির নেতৃবৃন্দ।
সহায়তা পেয়ে উপকারভোগীরা বলেন, সমাজে এখনও তারা নানা বৈষম্যের শিকার হন। পরিচ্ছন্নতাকর্মী হওয়ায় অনেক জায়গায় তারা অবহেলার সম্মুখীন হন। ঈদ উপলক্ষে এমন সহায়তা পেয়ে তারা আনন্দিত ও কৃতজ্ঞ।
জানা গেছে, এর আগে সময় টেলিভিশনে গাইবান্ধার পিছিয়ে পড়া ও অবহেলিত পরিচ্ছন্নতাকর্মী-হরিজন সম্প্রদায়ের জীবনচিত্র নিয়ে একটি প্রতিবেদন প্রচারিত হয়। সেই প্রতিবেদন দেখে এক ব্যবসায়ী তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যবসায়ী গাইবান্ধা পৌর এলাকার হরিজন পরিবারের সদস্যদের জন্য নগদ অর্থ সহায়তা দেন। একই সঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
