ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায় নেওয়া হচ্ছে। বুধবার (২৭ মে) রাতে নারায়ণগঞ্জের পাইকপাড়ার রাবেয়া অ্যাগ্রো ফার্ম থেকে বিশেষ ব্যবস্থায় মহিষটিকে চিড়িয়াখানার উদ্দেশ্যে পাঠানো হয়।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার (২৮ মে) থেকে দর্শনার্থীরা বিরল প্রজাতির এই মহিষটি দেখতে পারবেন। জানা গেছে, চিড়িয়াখানার ৮ নম্বর শেডে পশুটিকে রাখা হবে। ওই শেডের আশপাশে গয়াল ও ইম্পালাও রয়েছে।
মিরপুর জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার গণমাধ্যমকে বলেন, ভাইরাল হওয়া অ্যালবিনো মহিষটির জন্য আগে থেকেই আলাদা শেড প্রস্তুত করা হয়েছে। তিনি জানান, দর্শনার্থীদের জন্য মহিষটি উন্মুক্ত রাখা হবে।
তিনি আরও বলেন, অতীতে জাতীয় চিড়িয়াখানায় মহিষ রাখার কোনো তথ্য তার জানা নেই। ফলে এটিই হতে পারে চিড়িয়াখানায় প্রদর্শিত প্রথম মহিষ।
এদিকে অতিরিক্ত জনসমাগম ও সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কায় আলোচিত মহিষটিকে কোরবানি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে কেরানীগঞ্জের এক ক্রেতার কাছে বিক্রি করা হলেও পরে টাকা ফেরত দিয়ে সেটিকে আবার খামারে ফিরিয়ে আনা হয়। পরে সিদ্ধান্ত হয়, পশুটিকে চিড়িয়াখানায় স্থানান্তর করা হবে।
নারায়ণগঞ্জের রাবেয়া অ্যাগ্রো ফার্মে লালন-পালন করা প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটি সাদা লোম ও বিশেষ চুলের আকৃতির কারণে ব্যাপক পরিচিতি পায়। অনেকের কাছে এর চেহারা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো মনে হওয়ায় নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’।
মহিষটি ভাইরাল হওয়ার পর দূর-দূরান্ত থেকে মানুষ সেটিকে দেখতে খামারে ভিড় করেন। দেশীয় বিভিন্ন গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও এটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
