বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার মিস সুসান রাইলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।
সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে অবস্থিত বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে।
জামায়াতের ফেসবুক পেজের তথ্য অনুযায়ী, বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় অস্ট্রেলিয়ান হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) মি. হ্যারি থমসন এবং ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) অ্যানা পিটারসন উপস্থিত ছিলেন।
বৈঠকে বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি, মারজিয়া আক্তার এমপি, মারদিয়া মমতাজ এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা দলের সদস্য আলী আহমাদ মাবরুর।
জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়, বৈঠকে বিরোধীদলীয় নেতার আসন্ন অস্ট্রেলিয়া সফর, জাতীয় সংসদ নির্বাচনের পর গণতন্ত্রকে আরও কার্যকর ও অর্থবহ করার ক্ষেত্রে সরকার ও বিরোধী দলের ভূমিকা এবং সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় উভয় পক্ষ জাতীয় বাজেট, বিরোধী দলের প্রস্তাবিত ছায়া বাজেট, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। বিশেষ গুরুত্ব পায় জ্বালানি খাতের উন্নয়ন বিষয়টিও।
ফেসবুক পোস্টে আরও জানানো হয়, অস্ট্রেলিয়ার হাইকমিশনার সংসদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে ভবিষ্যতে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া বাংলাদেশের দক্ষতা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে অস্ট্রেলিয়া সরকারের সম্ভাব্য সহযোগিতা নিয়েও বৈঠকে মতবিনিময় করা হয়েছে বলে জানানো হয়।
