স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠী, সংখ্যালঘু, নৃ-গোষ্ঠী ও ভিন্ন ধর্মাবলম্বীদের সাংবিধানিক অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করবে।
বুধবার (২৪ জুন) সচিবালয়ে সীতাকুণ্ড স্রাইন কমিটির প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। তিনি আরও দাবি করেন, বিএনপিকে সংখ্যালঘুদের বিরুদ্ধে অবস্থানকারী শক্তি হিসেবে চিত্রিত করার চেষ্টা করা হলেও বাস্তবতা ভিন্ন, এবং দলটি সব ধর্মের মানুষের অধিকার রক্ষায় দায়িত্বশীল ভূমিকা রেখেছে।
তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যেখানে সবাই যুগ যুগ ধরে সহাবস্থানে রয়েছে। সরকারের দায়িত্ব হলো সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করা।
বৈঠকে সীতাকুণ্ড স্রাইন কমিটির নেতারা চন্দ্রনাথ ধামে আগত ভক্তদের অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরেন। জবাবে মন্ত্রী জানান, ধর্মীয় ও ঐতিহ্যবাহী স্থানগুলোর উন্নয়ন পর্যটন ও অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ, তাই এসব উন্নয়নে সরকার ইতিবাচক পদক্ষেপ নেবে।
