গাইবান্ধার সাদুল্লাপুরে সিআইডি পুলিশের পরিচয়ে প্রতারণার চেষ্টার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ভুয়া সিআইডির অফিস আদেশ, দুটি ওয়াকিটকি, পুলিশ লোগোযুক্ত মাস্ক, গ্লাভসসহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনা এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি দল বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মামুনের মাধ্যমে জানতে পারে, এলাকাবাসী তিনজন ভুয়া সিআইডি সদস্যকে আটক করে চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয়ে রেখেছে।
খবর পেয়ে ডিবি পুলিশের দল সেখানে পৌঁছে মো. নাঈম (২০), রাকিবুল ইসলাম (১৮) ও শেখ শাদিউল ইসলাম (২০)-কে গ্রেপ্তার করে। পরে তাদের ব্যবহৃত ব্যাগ তল্লাশি করে একটি ভুয়া সিআইডি অফিস আদেশ, দুটি BAOFENG ওয়াকিটকি, পুলিশ লোগোযুক্ত মাস্ক, সাত জোড়া গ্লাভস, সার্জিক্যাল ব্লেড, সোয়াব কটন, একটি স্ট্যাম্প প্যাড, পোশাক এবং অন্যান্য আলামত জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, বিদেশি ডলার কেনাবেচার প্রলোভনকে কেন্দ্র করে তারা নিজেদের সিআইডি সদস্য পরিচয় দিয়ে একটি প্রতারণার পরিকল্পনা করেছিল। তবে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা তাদের আটক করে এবং পরে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করে।
এ ঘটনায় সাদুল্লাপুর থানায় ১৮৬০ সালের দণ্ডবিধির ১৭০, ১৭১, ৪১৯, ৪৪৮ ও ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তি ও প্রতারণা চক্রের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।
