গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা পশ্চিমপাড়া এলাকায় ধানবোঝাই নসিমনের ধাক্কায় জব্বার আলী (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
নিহত জব্বার আলী উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা পশ্চিমপাড়া গ্রামের খেজের উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে টিয়াগাছা কুরারপাড় গাবেরতলা এলাকার সড়ক দিয়ে একটি ধানবোঝাই নসিমন যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা জব্বারের ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে জব্বার সড়কে ছিটকে পড়ে নসিমনের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
খবর পেয়ে সাদুল্লাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
