গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগ নেতা কর্তৃক নিরীহ গ্রামবাসীর ওপর গুলি চালিয়ে হত্যাচেষ্টার অভিযোগে এলাকার সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েছে।
এ ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত নেতাকে দ্রুত গ্রেফতারের দাবিতে আজ দুপুরে এরেন্ডাবাড়ীর চরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিভিন্ন স্তরের কয়েকশো গ্রামবাসী অংশগ্রহণ করেন। এতে বক্তব্য দেন নুরুল ইসলাম, শাহ জামাল মেম্বার, সাইফুল মাস্টার, সবুজ ডাক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতা সাইদুজ্জামান দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে আসছে। সাম্প্রতিক গুলিবর্ষণের মাধ্যমে তিনি তার সন্ত্রাসী কর্মকাণ্ড আরও বেপরোয়া করেছেন বলে দাবি করেন তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা স্লোগানে স্লোগানে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা সাইদুজ্জামানকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা আরও বলেন, সময়মতো ব্যবস্থা না নিলে বড় ধরনের অস্থিতিশীলতার সৃষ্টি হতে পারে।
স্থানীয়রা জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপ জরুরি। তারা প্রশাসনের প্রতি দ্রুত অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানান।
