নিহত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির সন্তান মাহির সরওয়ার মেঘের কাছে পূর্বাচলে তিন কাঠা জমির দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মাহির সরওয়ার মেঘের হাতে এ দলিল হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা।
সাংবাদিক সাগর সরওয়ার এ প্লটটি ২০০৪ সালে আবেদন করে ২০০৫ সালে বরাদ্দ পান। পরবর্তীতে ২০০৯ সালে সম্পূর্ণ মূল্য পরিশোধ করার পরও বিগত আওয়ামী লীগ সরকার সাগর সরওয়ারের পরিবারকে এ প্লটটি বুঝিয়ে দেয়নি। উত্তরাধিকার সূত্রে এ প্লটের বর্তমান মালিক সাগর সরওয়ারের মা সালেহা মনির এবং মাহির সরওয়ার মেঘ।
প্লটের দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সাগর-রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বলেন, তদন্তে এ ধরনের দীর্ঘসূত্রিতা মানুষের মধ্য বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে, আইনি ব্যবস্থা সম্পর্কে মানুষ হতাশ হয়ে পড়ে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আলোচিত এই হত্যা মামলায় দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দেন তিনি।
