দেশীয় মাছের প্রজনন, জলজ জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে গাইবান্ধা সদর উপজেলায় অবৈধ চায়না দুয়ারি জাল ও বানা দিয়ে তৈরি ফিক্সড ইঞ্জিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ৪০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস করা হয়েছে এবং আইন লঙ্ঘনের দায়ে ৭ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকেলে সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের ব্রিজসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) সুমাইয়া জান্নাত।
অভিযান চলাকালে ৪০টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে ঘটনাস্থলেই পুড়িয়ে বিনষ্ট করা হয়। একই সঙ্গে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ লঙ্ঘনের দায়ে ৭ জনকে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মারজান সরকার।
জেলা প্রশাসন জানিয়েছে, দেশীয় মাছের প্রজনন, জলজ জীববৈচিত্র্য এবং পরিবেশ রক্ষায় নিষিদ্ধ জাল ও অবৈধ মৎস্য আহরণে ব্যবহৃত সরঞ্জামের বিরুদ্ধে মোবাইল কোর্টের এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
