অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগগুলোও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। তিনি বলেন, সরকার চায় অতীত এবং বর্তমান—সব সময়ের দুর্নীতির অভিযোগই সমান গুরুত্ব দিয়ে তদন্ত করা হোক।
মঙ্গলবার সচিবালয়ে সরকারের সার্বিক কার্যক্রম নিয়ে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, দুর্নীতি একটি ফৌজদারি অপরাধ, যার কোনো নির্দিষ্ট সময়সীমা বা তামাদি নেই। তাই যেকোনো সময়ের অভিযোগই তদন্ত করা সম্ভব। তিনি আরও বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি স্বাধীন প্রতিষ্ঠান, এবং উপদেষ্টা পরিষদ, পূর্ববর্তী সরকার কিংবা বর্তমান সরকারের কারও বিরুদ্ধেই সুনির্দিষ্ট অভিযোগ উঠলে দুদকের উচিত স্বাধীনভাবে তদন্ত পরিচালনা করা।
এ সময় তিনি আরও জানান, আদালতের নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় আওয়ামী লীগ কোনো নামেই রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে না। তার ভাষায়, নিষেধাজ্ঞা যতদিন কার্যকর থাকবে, ততদিন দলটির রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা আইনগতভাবে সম্ভব নয়।
শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়েও মন্তব্য করেন তিনি। তথ্য উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা থাকলেও কিছু গণমাধ্যম তা অনুসরণ করছে না, যা দুঃখজনক। তিনি গণমাধ্যমকে আইন মেনে চলার আহ্বান জানান।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। পরবর্তীতে ৫ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার যেকোনো ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা জারি করে।
