গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, গাইবান্ধার পুলিশ সুপারের নির্দেশনা ও জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
গত ২৮ জুন রাত ১০টা ৫ মিনিটে পলাশবাড়ী উপজেলার ৮ নম্বর মনোহরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খামার বালুয়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. শাকিব মণ্ডল ওরফে ওহাব (২৮), মো. মাহি সরকার (২১) ও মো. তুষার মিয়া (১৯) নামে তিনজনকে আটক করা হয়।
পুলিশের তথ্যমতে, শাকিব মণ্ডলের বসতঘরের শয়নকক্ষ থেকে তাকে আটক করা হয়। পরে তার পরিহিত প্যান্টের ডান পকেটে থাকা সাদা পলিথিনে মোড়ানো একটি প্যাকেট থেকে ৩৬ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিব মণ্ডল ইয়াবা বিক্রি ও সেবনের উদ্দেশ্যে নিজের কাছে রাখার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় শাকিব মণ্ডলের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে। মামলাটি দায়ের করা হয় ২৯ জুন ২০২৬ তারিখে, যার নম্বর ৩৩।
এছাড়া ইয়াবা সেবনের অভিযোগে মাহি সরকার ও তুষার মিয়ার বিরুদ্ধে একই আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
