পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরে একটি ভাড়া বাসা থেকে ওবায়দুর রহমান সুমন (৩০) নামে এক রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ জুলাই) সকালে পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের সুইজগেট এলাকার একটি বাসা থেকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত ওবায়দুর রহমান সুমন বগুড়া জেলার আদমদীঘি উপজেলার বাসিন্দা। তাঁর বাবার নাম ময়েন প্রামাণিক। প্রায় পাঁচ বছর ধরে তিনি মঠবাড়িয়ার সুইজগেট এলাকায় ভাড়া বাসায় থেকে রাজমিস্ত্রির কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে বাসার একটি কক্ষে সুমনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নিহতের স্ত্রী সখি বেগম জানান, তাঁর স্বামী সম্প্রতি অনলাইন জুয়ার সঙ্গে জড়িয়ে আর্থিক সংকটে পড়েছিলেন। ঋণের চাপকে কেন্দ্র করে পরিবারে অশান্তি চলছিল। তাঁর ধারণা, মানসিক চাপের কারণেই এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) শেখ হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা হবে।
