ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশের রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ‘বিশ্ববিদ্যালয় পরিক্রমা’ ম্যাগাজিন আয়োজিত এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, “এত বড় অভ্যুত্থানের পর দেশের নতুনভাবে গঠনের সুযোগ এসেছে। কিন্তু রাজনীতিবিদদের মধ্যে অনৈক্যের সুর দেখা যাচ্ছে, যা হতাশার।”
তিনি শিক্ষাব্যবস্থার দুর্বলতা তুলে ধরে বলেন, “আমাদের শিক্ষা ব্যবস্থা নিম্নমানের, এর জন্য দায়ী রাজনীতিবিদরাই। সাধারণ শিক্ষার পরিবর্তে কারিগরি ও ভোকেশনাল শিক্ষার প্রসার ঘটাতে হবে—তবেই কর্মসংস্থান বাড়বে।”
অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. সবুর খানসহ শিক্ষাবিদ ও বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন বিএনপি মহাসচিব।
