আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির ২৯৯নং আসনে ধানের শীষের কাণ্ডারী হিসেবে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহ ধর্মবিষয়ক সম্পাদক, সাবেক রাঙামাটি জেলা যুগ্ম জজ ও রাঙামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে ২৩৭টি আসনের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এতে শেষ হয় বিএনপি নেতাদের মাঝে জমে থাকা শত জল্পনা কল্পনার। ২৯৯নং আসনের ধানের শীষের কাণ্ডারী হলেন দীপেন দেওয়ান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন তিনি।
এসময় রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ও রাঙামাটি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম ভুট্টো, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের রাঙামাটি জেলা সভাপতি ও রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি মোঃ সাইফুল ইসলাম পনির, রাঙামাটি সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হক, জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক ও নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান, রাঙামাটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবু রনেল দেওয়ান, রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাপ্তাই উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেন, নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার, জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মাহবুবুল আলম মিন্টু, জেলা শ্রমিকদল সভাপতি মমতাজ মিয়া, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক নুরুল কবির বাচা, সহ রাঙামাটি পৌরসভা, জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতাকর্মীদের উদ্দেশ্যে এডভোকেট দীপেন দেওয়ান বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্টিয়ারিং কমিটির সকলের কে আমি ধন্যবাদ জানাই। তারা আমাকে যোগ্য মনে করেছে। আপনাদের এখন মনে রাখতে হবে আমাদের মিশন শেষ হয়ে যায়নি। আমাদের মিশন শুরু মাত্র। কারো কথায় কান দিবেন না। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও হতে পারে। আপনারা মনোযোগ দিয়ে কাজ করুন। ২৯৯নং আসনে বিজয় আমাদের হবেই।
এদিকে দীপেন দেওয়ানের মনোনয়ন প্রাপ্তির খবর চারিদিকে ছড়িয়ে পড়লে শহরে নামে নেতাকর্মীর ঢল। জেলার পৌরসভা ও উপজেলা পর্যায় থেকে হাজারো নেতাকর্মী উপস্থিত হতে থাকেন সাবেক জেলা যুগ্ম জজ অ্যাডভোকেট দীপেন দেওয়ানের বাসভবনে।
অপরদিকে দলীয় নেতাকর্মীদের পরেই শহরের বিভিন্ন সংগঠনের নেতাকর্মী উপস্থিত হয়ে অ্যাডভোকেট দীপেন দেওয়ান কে অভিবাদন জানান।
