ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির ২৯৯নং সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান মনোনয়ন পত্র দাখিল করেছেন।
সোমবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফী’র নিকট তিনি এই মনোনয়ন পত্র দাখিল করেন।
এসময় সাবেক পার্বত্য উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, রাঙামাটির ২৯৯নং সংসদীয় আসনের ধানের শীষের সাবেক প্রার্থী মৈত্রী চাকমা, অ্যাডভোকেট দীপেন দেওয়ানের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম ভুট্টো, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ মামুন, সহ সভাপতি মোঃ সাইফুল ইসলাম পনির ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল সহ রাঙামাটি জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়ন পত্র দাখিল শেষে ২৯৯নং সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, আমরা শতভাগ আশাবাদী ২৯৯নং আসনে ধানের শীষের বিজয় আসবেই। রাঙামাটির জনগন কে সাথে নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সকলে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে এগিয়ে যাব। দেশের সাধারণ জনগণ আমাদের সাথে আছে।
এদিকে রাঙামাটি জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফী’র নিকট দুপুর নাগাত মনোনয়ন পত্র দাখিল করেছেন ৭জন প্রার্থী। এর মধ্যে ১০ দলীয় জোটের জামায়াত মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মোখতার আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এর আগে বিপ্লবী ওয়ার্কস পার্টির মনোনীত প্রার্থী জুই চাকমা, জাতীয় পার্টির প্রার্থী অশোক তালুকদার ও খেলাফত মজলিসের প্রার্থী আবু বক্কর মোল্লা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এদিন দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী মাওলানা জসিম উদ্দিন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ৪জানুয়ারী পর্যন্ত মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। প্রার্থীরা ৫ই জানুয়ারী থেকে ৯ই জানুয়ারীর মধ্যে রির্টানিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন করতে পারবেন। ১০ই জানুয়ারী থেকে ১৮ই জানুয়ারীর মধ্যে এসব আপিলের শুনানি ও নিষ্পত্তি অনুষ্ঠিত হবে এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২০শে জানুয়ারী। ২১শে জানুয়ারী চূড়ান্ত প্রার্থির তালিকা প্রকাশিত হবে এবং নির্বাচনী প্রতীক বরাদ্দ দেয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ এবং গণভোট আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
