মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, কাপ্তাই হ্রদ ড্রেজিং এর মাধ্যমে হ্রদের নাব্যতা ফেরানোর পাশাপাশি এই হ্রদের মৎস্য সম্পদের উন্নয়ন করা হবে। তিনি বলেন বর্তমান সরকার কৃষি ও স্বাস্থ্য, মৎস্য সম্পদের উন্নয়ন কাজ করে যাচ্ছে। এই উন্নয়ন তরান্বিত করতে সকলকে এক হয়ে কাজ করতে হবে।
বুধবার সকালে রাঙামাটির শহরের ফিসারী ঘাটে কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্যজীবিদের মাঝে ভিজিএফের চাল বিতরণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এসব কথা বলেন।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশেন চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. ইমাম উদ্দীন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, বিজিবি রাঙ্গামাটি সেক্টর কমান্ডার কর্ণেল আবু মোহাম্মদ সিদ্দিক আলম, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো: মোবারক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোছাইন, কাপ্তাই মৎস্য উন্নয়ন ও বিপনন (বিএফিডিসি) কেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম। পরে মন্ত্রী কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্ত করেন এবং মৎস্য চাষীদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করেন।
এদিন ১টন মাছের পোনা অবমুক্ত করা হয় এবং জেলেদের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়। পর্যায়ক্রমে আরও ৫৯ মেট্রিক টন মাছের পোনা অবমুক্ত করা হবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
