প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান তিনি।
তার আগমনের খবর ছড়িয়ে পড়তেই কার্যালয়ের বাইরে জড়ো হন বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী। দলীয় প্রধানকে স্বাগত জানাতে সেখানে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
কার্যালয়ে পৌঁছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসার কথা রয়েছে তারেক রহমানের। দলীয় সাংগঠনিক কার্যক্রম ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন পর দেশে ফিরে গত ২৯ ডিসেম্বর প্রায় দুই দশক পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছিলেন তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম কার্যালয় পরিদর্শন।
