সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় বাংলাদেশ পুলিশ বাহিনী। তাই ঐতিহ্যমণ্ডিত কোনো পুরোনো পোশাকে ফিরে যাওয়ার বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।
শনিবার (২৮ মার্চ) বাংলাদেশ পুলিশ একাডেমি-তে ৪৩তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশ একটি ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং এই সময়ে পুলিশ সদস্যদের দায়িত্ব আরও বেড়ে গেছে। সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি পুলিশের আচরণ মানবিক ও আইনসম্মত হওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, ‘আইনের চোখে সবাই সমান—সে রাজনৈতিক কর্মী হোক বা সাধারণ কৃষক।’ চেইন অব কমান্ড, শৃঙ্খলা, আনুগত্য এবং সমন্বিত নেতৃত্বকে একটি বাহিনীর মূল শক্তি হিসেবেও উল্লেখ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার চায় পুলিশ বাহিনী দলীয় প্রভাবমুক্ত থেকে একটি আধুনিক, সেবাধর্মী ও মানবিক প্রতিষ্ঠানে পরিণত হোক। এ লক্ষ্যে জনবল বৃদ্ধিসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, একটি স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনের কাজ চলছে, যা পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে কাজ করবে।
অনুষ্ঠানের শুরুতে তিনি মুক্তিযুদ্ধের শহীদ, স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী এবং জিয়াউর রহমান-সহ অন্যান্য শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
এর আগে মন্ত্রী প্রশিক্ষণার্থীদের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন এবং শেষে বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ১ মার্চ শুরু হওয়া এই প্রশিক্ষণে মোট ৮০ জন কর্মকর্তা অংশ নেন। এর মধ্যে ৭২ জন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। উত্তীর্ণদের মধ্যে নারী ক্যাডার ৬ জন এবং পুরুষ ক্যাডার ৬৬ জন।
অনুষ্ঠানে মিজানুর রহমান মিনু, পুলিশের আইজিপিসহ বিভিন্ন সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
