সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, এবারের ঈদযাত্রা সার্বিকভাবে স্বস্তিময় ছিল। তবে কিছু এলাকায় যানজট ও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে, এবং এসব ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (২৯ মার্চ) সচিবালয়ে সড়ক দুর্ঘটনা রোধ এবং সড়ক নিরাপত্তা জোরদারে সরকারের কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, সামনে হাইওয়ে পুলিশ আরও সক্রিয় ভূমিকা পালন করবে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যেখানে পাওয়া গেছে, সেখানে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বাসগুলোকে ফেরিতে ওঠানোর আগে শতভাগ যাত্রী নামানো বাধ্যতামূলক করা হবে, যাতে নিরাপত্তা নিশ্চিত করা যায়।
এ সময় মন্ত্রী অভিযোগ করেন, ঈদের আগে ও পরের তিনদিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল নিষিদ্ধ থাকলেও তা অনেক ক্ষেত্রে মানা হয়নি। এর ফলে কিছু এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আগামীতে মহাসড়কের পাশে যত্রতত্র টিকিট কাউন্টার বসানোর সুযোগ থাকবে না বলেও জানান তিনি।
সড়ক নিরাপত্তা জোরদারে নতুন উদ্যোগ হিসেবে বাসে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) স্থাপনের পরিকল্পনার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, এর মাধ্যমে যানবাহনের গতিবিধি পর্যবেক্ষণ সহজ হবে এবং শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব হবে।
