আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে রাজধানী কাবুল প্রদেশে একই পরিবারের আট সদস্য নিহত হওয়ার ঘটনা ঘটেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানায়, শুক্রবার স্থানীয় সময় রাত ৮টা ৪২ মিনিটে উত্তর-পূর্বাঞ্চলের বাদাখশান প্রদেশ-এ ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৮৬ কিলোমিটার গভীরে ৫.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
ভূমিকম্পের কম্পন রাজধানী কাবুলসহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান সাংবাদিকদের জানান, কাবুল প্রদেশের গোসফান্দ দারা এলাকায় ভূমিকম্পে একই পরিবারের আট সদস্য নিহত হয়েছেন। তবে ওই পরিবারের দুই বছর বয়সি একটি শিশু জীবিত রয়েছে এবং সে আহত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ভৌগোলিকভাবে হিন্দুকুশ পর্বতমালা অঞ্চলে অবস্থিত হওয়ায় আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ। ইউরেশীয় ও ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে থাকায় দেশটিতে প্রায়ই ভূমিকম্পের ঘটনা ঘটে।
উল্লেখ্য, গত আগস্টে পূর্ব আফগানিস্তানে ৬ মাত্রার একটি অগভীর ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল, যা দেশটির সাম্প্রতিক সময়ের অন্যতম প্রাণঘাতী দুর্যোগ হিসেবে বিবেচিত।
