আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গাইবান্ধাজুড়ে কোরবানির পশুর হাটে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। জেলার বিভিন্ন খামারে চলছে গবাদিপশুর পরিচর্যা, পাশাপাশি হাটগুলোতেও ধীরে ধীরে উঠতে শুরু করেছে কোরবানির পশু। চাহিদার তুলনায় বেশি পশু প্রস্তুত থাকায় বাজারে সরবরাহ নিয়ে আশাবাদী সংশ্লিষ্টরা।
গাইবান্ধা প্রতিনিধি লালচাঁন বিশ্বাস সুমনের তথ্য ও ছবিতে জানা যায়, জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্যমতে এবার কোরবানির জন্য জেলায় মোট ১ লাখ ২ হাজার ৯৩৮টি গবাদিপশু প্রস্তুত করা হয়েছে। এসব পশু জেলার বিভিন্ন হাটে পর্যায়ক্রমে বিক্রির জন্য তোলা হচ্ছে।
এর মধ্যে গাইবান্ধা সদর উপজেলায় প্রস্তুত রয়েছে ৩১ হাজার ২১১টি পশু। সেখানে কোরবানির সম্ভাব্য চাহিদা ধরা হয়েছে ২২ হাজার ৪৭৬টি। ফলে স্থানীয় বাজারে পশুর পর্যাপ্ত সরবরাহ থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গাইবান্ধার দাড়িয়াপুর পশুর হাটের ইজারাদার জানান, হাটে ইতোমধ্যে বিভিন্ন জাত ও আকারের গরু উঠতে শুরু করেছে। গরুর আকার, ওজন ও মানভেদে দাম নির্ধারণ করা হচ্ছে। বর্তমানে কিছু গরু ২ লাখ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বলেও জানান তিনি।
জেলা প্রাণিসম্পদ বিভাগ জানিয়েছে, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কোরবানি নিশ্চিত করতে হাটগুলোতে স্বাস্থ্য পরীক্ষা, তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
