নিজস্ব প্রতিবেদক: জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল পাওয়ার অভিযোগ এবং সাম্প্রতিক লোডশেডিং পরিস্থিতি পর্যালোচনায় বিদ্যুৎ বিভাগের উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় গ্রাহকদের অভিযোগ দ্রুত তদন্ত ও নিষ্পত্তির পাশাপাশি সেবার মান আরও উন্নত করার জন্য সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখের সভাপতিত্বে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত এ সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, দেশের বিভিন্ন জেলার জেলা প্রশাসক (ডিসি) এবং বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা অংশ নেন।
সভায় জুন মাসে বিভিন্ন এলাকায় অস্বাভাবিক বিদ্যুৎ বিলের অভিযোগ, লোডশেডিং পরিস্থিতিতে মাঠপর্যায়ের অভিজ্ঞতা এবং সৌরবিদ্যুৎ ব্যবস্থায় নেট মিটার স্থাপনের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় জানানো হয়, গত জুন মাসে দেশের বিভিন্ন অঞ্চলের উল্লেখযোগ্য সংখ্যক গ্রাহক অতিরিক্ত বিদ্যুৎ বিল পাওয়ার অভিযোগ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন। এসব অভিযোগের কারণ জানতে বিদ্যুৎ বিতরণকারী কোম্পানিগুলোর প্রধানদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়।
সভায় বিদ্যুৎ সচিব জেলা প্রশাসকদের কাছে এ বিষয়ে তথ্য জানতে চাইলে তারা উল্লেখযোগ্য কোনো অভিযোগ পাননি বলে জানান। তবে ভবিষ্যতে এ ধরনের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য বিতরণকারী সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
সচিব বলেন, বিদ্যুৎ বিল প্রস্তুতের ক্ষেত্রে কোনো ধরনের কারিগরি বা প্রশাসনিক ত্রুটি থাকলে তা দ্রুত সংশোধন করতে হবে। একই সঙ্গে কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে অনিয়ম বা অসদুপায় অবলম্বনের অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিদ্যুৎ বিভাগ গ্রাহকদের অতিরিক্ত বিলসংক্রান্ত যেকোনো অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি অথবা হটলাইনের মাধ্যমে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।
এ জন্য বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা হটলাইন ১৬৯৯৯-এ যোগাযোগ করা যাবে। এছাড়া বিপিডিবি (১৬২০০), পল্লী বিদ্যুৎ (১৬৮৯৯), বিপিডিসি (১৬১১৬), ডেসকো (১৬১২০), নেসকো (১৬৬০৩) এবং ওজোপাডিকো (১৬১১৭) নম্বরে অভিযোগ জানানো যাবে।
