গাইবান্ধায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার বড় ভাই গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের পূর্ব পিয়ারাপুর গ্রামের ত্রিমোহনী রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
নিহত ফাহমিদ রুমন (১৮) গাইবান্ধা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি পূর্ব পিয়ারাপুর গ্রামের মৃত ফারুক ইসলামের ছেলে। আহত ফারদিন রুহিত (২০) তার বড় ভাই।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, জমির সীমানা নিয়ে রুহিতদের পরিবারের সঙ্গে একই এলাকার ছানা হাজীর ছেলে রাকিবের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় রোববার রাতে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, এ সময় রাকিব ধারালো অস্ত্র দিয়ে ফারদিন রুহিতকে আঘাত করেন। ছোট ভাই রুমন বড় ভাইকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা আহত দুই ভাইকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুমনকে মৃত ঘোষণা করেন। আহত রুহিত বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার পর থেকে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ বা এজাহার জমা পড়েনি। অভিযুক্তরা পলাতক থাকায় এবং সম্ভাব্য জনরোষের আশঙ্কায় রাকিবের মা বেবি বেগম ও স্ত্রী ইতি বেগমকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।
