ঢাকাসহ দেশের ১৯ জেলার ওপর দিয়ে শুক্রবার সন্ধ্যার মধ্যে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে এসব এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
শুক্রবার (৫ জুন) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়েছে, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে ঝড়ো আবহাওয়া বিরাজ করতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া প্রবাহিত হতে পারে। এর সঙ্গে বজ্রপাত এবং মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কাও রয়েছে।
এ কারণে সংশ্লিষ্ট জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস।
